মৌলভীবাজারে ডাকাতি শেষে পালাতে গিয়ে অস্ত্রসহ চার ডাকাত আটক
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ডাকাতি শেষে পালানোর সময় অস্ত্রসহ চার ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেল ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
রোববার রাত ২টার দিকে উপজেলার কাদিপুর ইউনিয়নের হোসেনপুর এলাকার বাগানবাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। আটককৃতরা হলেন— জুবের আহমদ জুবলা (২৮), মো. দেলোয়ার হোসেন (২৭), মো. নাজিম মিয়া (২৬) ও জাকির হোসেন (৩০)। তারা কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, রাত ২টার দিকে লাল মিয়া (৪২) নামের এক ব্যক্তি মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে পাঁচজন ডাকাত তার পথরোধ করে। দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে একটি মোবাইল ফোন, মানিব্যাগ ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়। পরে ডাকাতরা একটি মাইক্রোবাসে করে ঘটনাস্থল ত্যাগ করে।
খবর পেয়ে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন ও কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যার নেতৃত্বে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়। রোববার রাত ৩টার দিকে চুনঘর এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের চার সদস্যকে আটক করা হয়। অভিযানের সময় ডাকাতদের হামলায় অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেনের হাতের একটি আঙুল কেটে যায়।
কুলাউড়া থানার ওসি মনিরুজ্জামান মোল্যা জানান, আটকরা চিহ্নিত ডাকাত। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এ রহমান
মন্তব্য করুন: