ভিকটিম উদ্ধার
কুলাউড়া থেকে স্কুলছাত্রী অপহরণ: ৭২ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামিকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র্যাব-৯। একই সঙ্গে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে।
র্যাব-৯ সূত্রে জানা গেছে, অপহৃত ছাত্রী কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আলী আমজদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। অভিযুক্ত সজল দেবনাথ দীর্ঘদিন ধরে তাকে উত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় অপহরণের হুমকি দেয় সে।
ঘটনার দিন ১ জানুয়ারি সকালে স্কুলে যাওয়ার পথে পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার এলাকায় বিদ্যালয়ের সামনে থেকে সজল দেবনাথ ও তার সহযোগীরা জোরপূর্বক একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে মেয়েটিকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়।
মেয়েটি বাড়িতে ফিরে না আসায় পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজ করা হয়। একপর্যায়ে মেয়েটির বাবা বাদী হয়ে কুলাউড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত/২০২৫) এর ৭/৩০ ধারায় একটি মামলা করেন।
মামলার পর র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল-এর একটি দল শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সুন্দরপুর এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি সজল দেবনাথ (২১) কে গ্রেপ্তার করে এবং ভিকটিমকে উদ্ধার করে। সজল দেবনাথ কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নের বিজলী গ্রামের বাসিন্দা।
র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
ডি আর ডি
মন্তব্য করুন: