ওসমানীনগরে দুটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৫
সিলেটের ওসমানীনগরে যৌথ বাহিনীর অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র, গুলি ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) ভোরে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ওসমানীনগর সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট মো. তানজিল। সেনাবাহিনীর দুটি টহল দল ও ওসমানীনগর থানার পুলিশের একটি টহল দল যৌথভাবে এতে অংশ নেয়।
উপজেলার উমরপুর ইউনিয়নের সিকান্দারপুর গ্রামের মো. আফিকুর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সময় আফিকুর রহমানকে পাওয়া না গেলেও তাঁর বাড়ি থেকে দুটি একনলা বন্দুক ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়।
এ সময় আফিকুর রহমানের সহযোগী সন্দেহে পাঁচজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জগন্নাথপুর উপজেলার চিলাউরা গ্রামের মৃত ইউসুফ উল্লাহর ছেলে গিয়াস উদ্দিন, নবীগঞ্জ উপজেলার রিফাতপুর গ্রামের মৃত গেদা মিয়ার ছেলে মো. হাবু মিয়া, ওসমানীনগর উপজেলার সিকান্দারপুর গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে মো. মজিবুর রহমান, একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সাঈদ আহমদ এবং তাজপুর ইউনিয়নের ভাড়েরা গ্রামের মো. ফারুক আহমদের ছেলে নাইমুর রহমান।
অভিযানে আরও উদ্ধার করা হয় দুটি ওয়াকিটকি সেট, একটি বাইনোকুলার, একটি পাওয়ার ব্যাংক, একটি এনালগ মাল্টিমিটার, একটি হেড ল্যাম্প, একটি ইলেকট্রিক শক টর্চ, একটি অ্যাকশন ক্যামেরা, ১২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, তিনটি মেমোরি কার্ড ও একটি আয়রন কাটার।
উদ্ধার করা অস্ত্র, গুলি ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তার পাঁচজনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম ভূঁইয়া অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার ও পাঁচজন গ্রেপ্তারের বিষয়টি তিনি অবগত আছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ডি আর ডি
মন্তব্য করুন: