তারেক রহমানের দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রশ্ন সিলেটের এনসিপি নেতার
Led Bottom Ad

মনোনয়ন বাতিলে ‘দ্বিচারিতা’র অভিযোগ

তারেক রহমানের দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রশ্ন সিলেটের এনসিপি নেতার

প্রথম সিলেট প্রতিবেদন

০৬/০১/২০২৬ ২০:১৫:২৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন সিলেট-১ আসনে মনোনয়ন বাতিল হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এহতেশাম হক। একই সঙ্গে নিজের প্রার্থিতা বাতিলের ঘটনায় সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের বিরুদ্ধে দ্বিচারিতা ও হিপোক্রেসির অভিযোগ করেন তিনি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এহতেশাম হক বলেন, দ্বৈত নাগরিকত্বের প্রশ্নে বিএনপির প্রার্থীদের ক্ষেত্রে প্রশাসন নমনীয় হলেও তার ক্ষেত্রে কঠোরভাবে আইন প্রয়োগ করা হয়েছে। তিনি দাবি করেন, সিলেট-৩ আসনে বিএনপির প্রার্থী আব্দুল মালিককে শর্তসাপেক্ষে বৈধতা দেওয়া হলেও তার মনোনয়ন সরাসরি বাতিল করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সদ্য বিদেশ ফেরত তারেক রহমানের দ্বৈত নাগরিকত্ব নিয়েও প্রশ্ন তোলা উচিত। অনলাইনে ব্রিটিশ নাগরিকত্বের তথ্য থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিকদের এ বিষয়ে প্রশ্ন তোলার অধিকার রয়েছে।

রাষ্ট্রযন্ত্র ও নির্বাচন কমিশনের সমালোচনা করে এহতেশাম হক বলেন, এই ঘটনা শুধু তার ব্যক্তিগত নয়, বরং পুরো ব্যবস্থার বৈষম্যমূলক আচরণের প্রতিফলন।

সংবাদ সম্মেলনে এনসিপির সিলেট মহানগর ও জেলা পর্যায়ের একাধিক নেতা উপস্থিত ছিলেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad