রাজনগরে শীতার্ত এতিম শিক্ষার্থীদের মধ্যে ডিসির কম্বল বিতরণ
মৌলভীবাজারের রাজনগরে শীতার্ত এতিম শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
রোববার (৪ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে রাজনগর সদর ইউনিয়নের আলহাজ লিলজান বিবি মহিলা মাদ্রাসা ও এতিমখানায় এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় জেলা প্রশাসক এতিম শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং শীতকালে তাদের পাশে থাকার আশ্বাস দেন।
কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সরকার, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা হোসেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা রাজু চন্দ্র পাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হোসেন শাহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এর আগে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন, আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করা হবে। নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য দেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, চলতি শীত মৌসুমে রাজনগর উপজেলায় এক হাজার সাতশর বেশি শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
জুয়েল আহমদ
মন্তব্য করুন: