পুলিশ অ্যাসল্ট মামলা
মৌলভীবাজারে পুলিশের হাত থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনতাই : আসামি ছয়দুল গ্রেপ্তার
পুলিশের হাত থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা পুলিশ অ্যাসল্ট মামলার অন্যতম প্রধান আসামি ছয়দুল মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে র্যাবের গণমাধ্যম শাখা এ তথ্য নিশ্চিত করে জানায়, মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মৌলভীবাজার সদর থানার পুদিনাপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ছয়দুল মিয়া মৌলভীবাজার সদর উপজেলার কাটারাই এলাকার সাজন মিয়ার ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গত ৯ মার্চ মৌলভীবাজারের খলিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আহমদ আলীকে গ্রেপ্তার করে পুলিশ। কাটারাই লিয়াকত মিয়ার দোকানের সামনে তাকে পুলিশের গাড়িতে তোলার সময় তিনি চিৎকার করলে ছয়দুল মিয়াসহ কয়েকজন পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। একপর্যায়ে তারা জোরপূর্বক তাকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নেয়।
এ ঘটনায় মৌলভীবাজার সদর থানায় পুলিশ অ্যাসল্ট আইনে একটি মামলা (নং-১৬/১০/০৩/২৫) দায়ের করা হয়। গ্রেপ্তারকৃত ছয়দুল মিয়া ওই মামলার ৬ নম্বর আসামি।
র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: