অবৈধ জালবিরোধী অভিযান
জুড়ী নদীতে ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
মৌলভীবাজারের জুড়ী উপজেলার জুড়ী নদীতে অবৈধ জালবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (২১ ডিসেম্বর) সকালে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন জুড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার। অভিযানে জুড়ী নদীর বিভিন্ন অংশে তল্লাশি চালিয়ে প্রায় ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।
অভিযানকালে জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষায় জুড়ী থানা পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধ কারেন্ট জাল ব্যবহারের কারণে দেশীয় মাছের প্রজনন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা নদীর জীববৈচিত্র্যের জন্য হুমকিস্বরূপ। এ অবস্থায় মৎস্য সম্পদ সংরক্ষণ ও নদীর পরিবেশ রক্ষায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে জেলেদের নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: