শ্রীমঙ্গলে কনকনে শীত, ঠাণ্ডাজনিত রোগে বাড়ছে ভোগান্তি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কনকনে শীত অব্যাহত রয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৭টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে শুক্রবার ও বৃহস্পতিবার তাপমাত্রা ছিল যথাক্রমে ১১ দশমিক ৫ ও ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
পাহাড়, হাওর ও চা-বাগানবেষ্টিত শ্রীমঙ্গলে তীব্র শীতের প্রভাবে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী ও ছিন্নমূল মানুষজন। ভোর ও সন্ধ্যার পর ঠান্ডার তীব্রতা আরও বেড়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের সিনিয়র সহকারী আনিসুর রহমান জানান, শনিবার শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সকালে সূর্যের দেখা মিললেও শীতের তীব্রতা এখনো কমেনি।
এদিকে শীতের প্রভাবে মৌলভীবাজার সদর হাসপাতাল ও শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি-কাশি, জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যার প্রবণতা বেশি দেখা যাচ্ছে।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিনথিয়া তাসনীম বলেন, “শিশু ও বয়স্কদের শীত থেকে সুরক্ষিত রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে। ঠাণ্ডাজনিত রোগে আক্রান্তদের নিয়মিত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।”
এ রহমান
মন্তব্য করুন: