রাজনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
রাজনগরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে শুরুতে উপজেলা প্রশাসনের উদ্যোগে রাজনগরের মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে রাজনগর থানা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠন, রাজনগর প্রেসক্লাবসহ সামাজিক ও পেশাজীবী সংগঠনসমূহ একে একে পুষ্পস্তবক অর্পণ করে।
এ সময় উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা নির্বাহী অফিসার বিপুল সিকদার, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, পুলিশ প্রশাসনের সদস্যরা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বিজয় দিবসের কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা পাঁচগাঁও ও মনসুরনগর (মুন্সিবাজার) গণকবর পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপজেলা মসজিদের ইমাম মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন।
এছাড়া বিজয় দিবস উপলক্ষে রাজনগরে জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষা প্রতিষ্ঠানসমূহে আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিচারণ, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজনগর উপজেলা নির্বাহী অফিসার বিপুল সিকদার বলেন, “মহান বিজয় দিবসে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ১৯৭১ সালে দেশের স্বাধীনতার জন্য যারা শহীদ হয়েছেন। একই সঙ্গে ২০২৪ সালের জুলাই–আগস্টে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাঁদের সকলের প্রতিও আমি সম্মান ও শ্রদ্ধা জানাচ্ছি।”
দিনব্যাপী এসব কর্মসূচিতে রাজনগরের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়।
জুয়েল আহমদ,
মন্তব্য করুন: