কুলাউড়ায় মনু নদীর বেড়িবাঁধ কেটে পাইপ বসাতে গিয়ে মাটি চাপায় একজন নিহত
Led Bottom Ad

এক্সকাভেটর জব্দ, অনুমতি ছাড়াই কাজের অভিযোগ

কুলাউড়ায় মনু নদীর বেড়িবাঁধ কেটে পাইপ বসাতে গিয়ে মাটি চাপায় একজন নিহত

নিজস্ব প্রতিনিধি, কুলাউড়া

১৫/১২/২০২৫ ১৪:২১:১১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদীর বেড়িবাঁধ অবৈধভাবে কেটে পাইপ স্থাপনের সময় মাটি চাপায় বিজয় মালাকার (৪৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মাটিকাটার কাজে ব্যবহৃত একটি এক্সকাভেটর জব্দ করেছে প্রশাসন।


রোববার গভীর রাতে কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের রনচাপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বোরো ধানের জমিতে সেচের পানি নেওয়ার উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি রাতের আঁধারে মনু নদীর বেড়িবাঁধ কেটে পাইপ বসানোর কাজ শুরু করেন। সে সময় এলাকায় কুয়াশা ছিল।


বাঁধ কেটে মাটি সরানোর পর নিচে নেমে মাটি সমান করার একপর্যায়ে দুপাশের মাটি ধসে পড়ে। এতে মাটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান বিজয় মালাকার। পরে এক্সকাভেটরের সাহায্যে মাটি সরিয়ে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।


খবর পেয়ে কুলাউড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে লাশ থানায় নেওয়া হয় এবং সোমবার ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। নিহত বিজয় মালাকার রনচাপ গ্রামের মৃত বারেন্দ্র মালাকারের ছেলে।


হাজিপুর ইউনিয়ন পরিষদের সদস্য বিধাননন্দ দত্ত বলেন, ‘রাতের আঁধারে মাটি কাটার সময় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ এসে এক্সকাভেটরটি জব্দ করে আমার জিম্মায় রেখেছে।’ বর্তমানে এক্সকাভেটরটি ঘটনাস্থলে গ্রাম পুলিশের পাহারায় রয়েছে।


কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মুহিত মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এ বিষয়ে জানতে চাইলে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খারেদ বিন ওয়ালেদ বলেন, ‘মনু নদীর বেড়িবাঁধ কাটার বিষয়ে পানি উন্নয়ন বোর্ড থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। এ সংক্রান্ত কোনো আবেদনও আমাদের কাছে জমা পড়েনি।’


কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, ‘বেড়িবাঁধ কাটা সম্পূর্ণ বেআইনি। কেউ এ কাজের জন্য অনুমতি নেয়নি। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad