কাঁঠালতলীতে ৪০ দিন ফজর জামাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের ঐতিহ্যবাহী কাঁঠালতলী প্রাচীন জামে মসজিদে ৪০ দিন জামাতে ফজর নামাজ আদায় প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (১০ ডিসেম্বর ২০২৫) সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শিশু-কিশোর ও যুবকদের হাতে বাইসাইকেলসহ আকর্ষণীয় বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কারের মধ্যে ছিল—২টি বাইসাইকেল, ৩টি রিডিং টেবিল, ১৭টি বুক সেলফ, ১৭টি চাদর, টি-শার্ট, কোরআন শরীফ ও নানা ইসলামি বই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল কালাম। সঞ্চালনা করেন অনিকুর রহমান চৌধুরী রাহি। প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা নায়েবে আমির আব্দুর রহমান, বড়লেখা উপজেলা শুরা সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলিম উদ্দিন, ইউনিয়ন সভাপতি মাওলানা লুৎফুর রহমান, ইউনিয়ন সেক্রেটারি আব্দুস সালাম, উপজেলা যুব সেক্রেটারি জুবায়ের আহমদ শিমুল, বিএনপি ইউনিয়ন সেক্রেটারি দুলাল আহমদ, বণিক সমিতির সভাপতি আব্দুল জব্বার এবং খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শফিকুর রহমান।
বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মসজিদমুখী করা, নৈতিকতা ও দ্বীনি শিক্ষায় উদ্বুদ্ধ করার ক্ষেত্রে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা।
এ রহমান
মন্তব্য করুন: