কমলগঞ্জে গার্ডার ব্রিজ নির্মাণে অনিয়মের অভিযোগ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের পূর্ব জালালপুরে গার্ডার ব্রিজ নির্মাণে অবহেলা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় আশপাশের ১০–১২ গ্রামের কয়েক হাজার মানুষ চরম ভোগান্তিতে রয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, ব্রিজের কাজ ধীরগতির হওয়ায় ঠাকুরবাজার–শমশেরনগর সড়কের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অস্থায়ী সাঁকো ভাঙাচোরা ও ঝুঁকিপূর্ণ হওয়ায় স্কুল-কলেজগামী শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ ও রোগীরা প্রতিদিনই দুর্ভোগ পোহাচ্ছেন। কয়েক দিন আগে সাঁকো ভেঙে পড়ে এক শিশু আহত হওয়ার ঘটনাও ঘটেছে।
স্থানীয় আরও কয়েকজন অভিযোগ করেন, ঠিকাদার নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করছেন। দুর্ঘটনার পর আহতদের প্রতি কোনো সহযোগিতাও করা হয়নি। অবিলম্বে কাজ শেষ করে ভোগান্তি দূর করার দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. সাঈফুল আজম বলেন, ‘ব্রিজ নির্মাণের কাজ বরিশালের একজন ঠিকাদার পেয়েছেন। তাঁর কাছে মোট ১০টি কাজ রয়েছে, এর মধ্যে কমলগঞ্জে তিনটি ব্রিজ।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর বলেন, ‘কাজের অনিয়ম নিয়ে সাংবাদিকদের কাছ থেকেও অভিযোগ পেয়েছি। সংশ্লিষ্ট প্রকৌশলীর সঙ্গে কথা বলে দ্রুত সরেজমিনে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
তাহির আহমদ
মন্তব্য করুন: