বড়লেখায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ছাগল উপহার দিল নিসচ
জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)–এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অসচ্ছল চারটি পরিবারের মাঝে উপহার হিসেবে ছাগল বিতরণ করা হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) দুপুর ২টায় বড়লেখা শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত মানবিক এ কর্মসূচি ঘিরে এলাকায় ব্যাপক সাড়া পড়ে।
নিসচা বড়লেখা উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপন–এর সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ রুম্মান ও প্রকাশনা সম্পাদক আশফাক আহমদ–এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম। শোকপ্রস্তাব উপস্থাপন করেন দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা ইসলাম উদ্দিন, খেলাফত মজলিস সভাপতি কাজী মাওলানা এনামুল হক, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা আব্দুল কাদির পলাশ, আঞ্জুমানে আল ইসলাহ সাধারণ সম্পাদক সাহেদ আহমদ জুয়েল, জমিয়তে উলামায়ে বড়লেখার ছাত্রকল্যাণ সম্পাদক মুফতি হাসান আহমদ, মৌলভীবাজার চেম্বার অব কমার্স সদস্য আব্দুস সামাদ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব সহ-সভাপতি খলিলুর রহমান, নিসচা পৃষ্ঠপোষক তারেক আহমদ ও নাজিম উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক আহমেদ নোমান, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, অর্থ সম্পাদক এহসান আহমদ, দপ্তর সম্পাদক সাহাব উদ্দিন, প্রচার সম্পাদক আফজাল হোসেন রুমেল, সহ-প্রচার সম্পাদক শাকিল আহমদ, সাংস্কৃতিক সম্পাদক অজিত রবিদাসসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানো নিসচার মানবিক অঙ্গীকার। প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটার পরিবর্তে অসচ্ছল পরিবারের হাতে ছাগল উপহার দেওয়ার এই ব্যতিক্রমী উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।”
অনুষ্ঠানের শেষে সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের হাতে ছাগল তুলে দেওয়া হয়। পাশাপাশি তিনজন হিফজ শিক্ষার্থীকে মহাগ্রন্থ আল-কোরআন প্রদান করা হয়।
কর্মসূচির সমাপ্তিতে সড়ক আন্দোলনের পথিকৃৎ ও নিসচার প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, এবং সড়ক দুর্ঘটনায় আহতদের সুস্থতা ও নিহতদের মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন বড়লেখা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি রুহুল আমীন।
এ রহমান
মন্তব্য করুন: