শ্রীমঙ্গলে খাল থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গলে খাল থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল

০৫/১২/২০২৫ ২০:২৩:৫৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিখোঁজের চার দিন পর ফুলমতি বেগম (৪৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার ভূনবীর ইউনিয়নের আলীশারকুল গ্রামের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা গেছে, সকালে খালে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে শ্রীমঙ্গল থানা–পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। ফুলমতি বেগম একই গ্রামের দিলদার মিয়ার মেয়ে।


পরিবারের সদস্যদের ভাষ্য, গত ১ ডিসেম্বর রাত ১টার দিকে ঘরের বাইরে গেলে তিনি আর ফেরেননি। চার দিন ধরে খোঁজাখুঁজি ও মাইকিং করেও তার সন্ধান মেলেনি। পরিবারের দাবি, রাতের কোনো এক সময়ে তাঁকে হত্যা করে খালে ফেলে দেওয়া হতে পারে।


ফুলমতির ভাই বাসির মিয়া বলেন, ‘আমার বোন মানসিক প্রতিবন্ধী ছিলেন। তাঁর কারও সঙ্গে কোনো বিরোধও ছিল না। কে বা কারা এ কাজ করেছে, আমরা জানি না। আমরা সুষ্ঠু তদন্ত চাই।’


শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’

ডি আর ডি

মন্তব্য করুন: