কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে শুকুরাম উরাং (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ১৮৪৪ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, শুকুরাম দুপুরে সীমান্তসংলগ্ন কৃষিজমিতে কাজ করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ শুকুরাম দৌড়ে পালানোর চেষ্টা করেন, তবে কিছুদূর গিয়ে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক বলেন, ঘটনাস্থল পরিদর্শন শেষে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ডি আর ডি
মন্তব্য করুন: