যুবদল নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ
শ্রীমঙ্গলে ইজারা দেওয়া জলমহালে ‘মব সিস্টেমে’ মাছ লুট
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইজারা দেওয়া জলমহালে ‘মব সিস্টেমে’ মাছ লুটের অভিযোগ উঠেছে। গত সোমবার (১ ডিসেম্বর) ভুনবীর ইউনিয়নের লতুয়া খালকাটা বিলে এই ঘটনা ঘটে।
অভিযোগে বলা হয়েছে, ২ নম্বর ভুনবীর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. আব্দুল আহাদ ও তার নেতৃত্বে আরও ১৫ জন শতাধিক লোক সমিতির জলমহালে ঢুকে মাছ লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় সমিতির প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মৎস্যজীবী সমিতির সম্পাদক সুজিত সরকার পরদিন রাতে শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে আহাদ সমিতির কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় ইজারাটিকে ‘অবৈধ’ ঘোষণা করে পরদিন সকালে হামলা চালানো হয়।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, এসিল্যান্ড মহিবুল্লাহ আকন ও থানা অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অভিযুক্ত যুবদল নেতা আহাদ অভিযোগ অস্বীকার করে বলেন, “চাঁদাবাজির বিষয়টি মিথ্যা। আমরা স্থানীয়দের অভিযোগে হাওরের নেটের বেড়া অপসারণ করতে গিয়েছি।”
ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারু জানিয়েছেন, অভিযোগ সত্য প্রমাণিত হলে দলীয় ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির কেন্দ্রীয় নেতা মুজিবুর রহমান চৌধুরী বলেন, “যদি কেউ চাঁদাবাজি করে, সে আমার লোক নয়—প্রশাসন ব্যবস্থা নেবে।”
শ্রীমঙ্গল থানার ওসি বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ডি আর ডি
মন্তব্য করুন: