শ্রীমঙ্গলে কারখানায় ফর্কলিফ্টের চাপায় নারী শ্রমিকের মৃত্যু
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেসরকারি একটি কারখানায় ফর্কলিফ্টের চাপায় মারজিয়া খাতুন (৩২) নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল আটটার দিকে উপজেলার ভূনবীর ইউনিয়নের রাজপাড়ায় রশ্মি পলি ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডে এ ঘটনা ঘটে।
পুলিশ ও সহকর্মীদের বরাতে জানা গেছে, কাজে থাকার সময় একটি চলন্ত ফর্কলিফ্ট মারজিয়াকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এতে আরও একজন নারী শ্রমিক ও চালক আহত হন। আহতদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার পর কারখানায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শ্রমিকেরা ব্যবস্থাপনা–পক্ষের অবহেলাকে দায়ী করে বিক্ষোভ দেখান এবং ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও পরে সেনাবাহিনী মোতায়েন করা হয়।
নিহতের স্বামী আকরাম আলী বলেন, ‘আমি স্ত্রীর মৃত্যুর বিচার চাই। আমার ছেলে–মেয়েরা মায়ের স্নেহ থেকে বঞ্চিত হলো। যথাযথ ক্ষতিপূরণ চাই।’
কোম্পানির এজিএম শাকিল আহমেদ বলেন, ‘দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বলেন, ঘটনাস্থলে গিয়ে ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলা হয়েছে। তাঁরা নীতিমালা অনুযায়ী ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ডি আর ডি
মন্তব্য করুন: