কমলগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আইপিএস–এসি চুরি, চিকিৎসাসেবায় ভোগান্তি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংরক্ষিত কক্ষ থেকে আইপিএস ও একটি এসি চুরি হয়েছে। এসব যন্ত্রপাতি না থাকায় হাসপাতালে চিকিৎসাসেবায় ব্যাঘাত ঘটছে। ঘটনাটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রোগী ও এলাকাবাসী।
জানা গেছে, ৫০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে দক্ষ জনবলের ঘাটতি ও অব্যবস্থাপনা রয়েছে। প্রায় তিন লাখ মানুষের চিকিৎসা নির্ভর করে এই হাসপাতালের ওপর। এর মধ্যেই নিরাপত্তা দুর্বলতার সুযোগে একের পর এক চুরির ঘটনা ঘটছে।
কয়েক সপ্তাহ আগে হাসপাতালের দ্বিতীয় তলার ৩৩ নম্বর কক্ষ থেকে একটি আইপিএস চুরি হয়। এরপর কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি করলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এর পরপরই নিচতলার কমিউনিটি আই সেন্টারের সংরক্ষিত রুম থেকে চুরি হয় আরেকটি এসি।
আই সেন্টারে দায়িত্বে থাকা নার্স সামিমা ফেরদৌসী বলেন, ‘এসি চুরি হওয়ার আগের দিন নিজেই তালা লাগিয়ে রুম বন্ধ করি। পরদিন সকালে এসে দেখি রুম এলোমেলো, দরজার সিটকিনি ভাঙা, আর এসিটা নেই।’
আবাসিক চিকিৎসক সাজ্জাদুর কবির বলেন, ‘হাসপাতাল থেকে আইপিএস আর এসি চুরি হওয়া অত্যন্ত ন্যাক্কারজনক। বিদ্যুৎ গেলে ইনডোর ও ডেলিভারি রোগীদের চিকিৎসা ব্যাহত হচ্ছে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুব আলম বলেন, ‘চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। স্টাফদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং নিরাপত্তা প্রহরীকে শোকজ করা হয়েছে।’
তবে কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, ‘হাসপাতাল থেকে চুরির বিষয়ে কোনো লিখিত অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
ডি আর ডি
মন্তব্য করুন: