প্রদর্শনীতে দর্শনার্থীদের ব্যাপক উৎসাহ
বড়লেখায় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের মতো মৌলভীবাজারের বড়লেখায় শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০২৫। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজন এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)–এর সহযোগিতায় পাথারিয়া ছোটলিখা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়।
সকালে বর্ণাঢ্য র্যালি শেষে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী।
পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়ার সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সিইএ আতিকুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মনোয়ার হোসেন, বড়লেখা প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা নিমাই চন্দ্র দাসসহ অন্যরা। খামারিদের পক্ষে বক্তব্য দেন আব্দুর রহিম, মোহাম্মদ ইমতিয়াজ চৌধুরী ও বড়লেখা ডেইরি অ্যাসোসিয়েশনের সহসভাপতি আব্দুর জব্বার। স্বাগত বক্তব্য দেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. রেদওয়ানুল হক (রাহুল)।
প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩০টি স্টলে দেশি-বিদেশি জাতের গাভী, ষাঁড়, হাঁস-মুরগি, কবুতর, পাখি, ডিমসহ নানা ধরনের প্রাণী প্রদর্শন করা হয়। এ ছাড়া গবাদিপশুর খাবার প্রক্রিয়াজাতকরণ, রোগ প্রতিরোধ কার্যক্রম ও আধুনিক প্রযুক্তি প্রদর্শিত হয়। প্রদর্শনীতে কৃষক, উদ্যোক্তা, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এ রহমান
মন্তব্য করুন: