রাজনগরে ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেফতার
রাজনগর থানার পুলিশ মৌলভীবাজারের রাজনগরে ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন মৌলভীবাজার সদর উপজেলার হিলালপুর এলাকার তুহিন আহমেদ (২৪), রাজনগরের আদমপুর (মিঠিপুর) এলাকার সালমান আহমদ (২৪) এবং কমলগঞ্জ উপজেলার পূর্ব কালেঙ্গা এলাকার মিজানুর রহমান (৩০)।
পুলিশ জানিয়েছে, ১৮ নভেম্বর সকালে চান্দভাগ চা বাগানের মুদি দোকানি মোঃ ইমরান মিয়া তার পিতাকে সঙ্গে নিয়ে শ্রীমঙ্গল যাচ্ছিলেন। নন্দীউড়া এলাকায় একটি নেভি-ব্লু রঙের প্রাইভেট কার তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে গাড়ি থেকে নেমে আসা ৩–৪ জন ব্যক্তি জিআই পাইপ দিয়ে মারধর করে এবং ভয়ভীতি দেখিয়ে ইমরান মিয়ার কাছ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
পুলিশি তৎপরতায় ২১ নভেম্বর রাতে তুহিন আহমেদকে নূরজাহান হাসপাতালের সামনে থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার তথ্যের ভিত্তিতে সালমান আহমদকে ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করা হয়। একইসঙ্গে তার ব্যবহৃত একটি কালো জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়।
২২ নভেম্বর ভোরে হিলালপুর থেকে মিজানুর রহমানকে গ্রেফতার করা হয় এবং শ্রীবাউর গ্রামের রনি দেবনাথের বাড়ি থেকে ছিনতাই চক্রের ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়।
রাজনগর থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পুলিশ অভিযান চালিয়ে চক্রের বাকি সদস্যদের ধরার পাশাপাশি ছিনতাইকৃত টাকা উদ্ধারের চেষ্টা করছে।
হিফজুর রহমান
মন্তব্য করুন: