কমলগঞ্জে ‘ময়লা ফেলা নিষেধ’ সাইনবোর্ডের পাশেই ময়লার ভাগাড়
Led Bottom Ad

কমলগঞ্জে ‘ময়লা ফেলা নিষেধ’ সাইনবোর্ডের পাশেই ময়লার ভাগাড়

নিজস্ব প্রতিনিধি, কমলগঞ্জ

২১/১১/২০২৫ ১৪:৩১:৪১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার উপ–স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সরকারি জায়গায় ‘ময়লা–আবর্জনা ফেলা নিষেধ’ লেখা সাইনবোর্ড ঝোলানো আছে। কিন্তু সাইনবোর্ডের ঠিক পাশেই জমে উঠেছে বড় বড় ময়লার স্তুপ। স্থানীয়দের অভিযোগ, সাইনবোর্ড টানানো ছাড়া কোনো তদারকি নেই।


মুন্সিবাজার–মৌলভীবাজার সড়কের ধারে স্বাস্থ্য কমপ্লেক্সের খালি জায়গাটি এখন কার্যত ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। দুর্গন্ধে স্কুল–কলেজের শিক্ষার্থী, পথচারী ও আশপাশের বাসিন্দারা ভোগান্তিতে আছেন।


সরেজমিনে দেখা গেছে, সাইনবোর্ডের আশপাশজুড়ে ছড়িয়ে–ছিটিয়ে রয়েছে আবর্জনার স্তূপ। স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনেও একই পরিস্থিতি। স্থানীয়দের দাবি, বাজারের ব্যবসায়ীরা প্রতিদিন পরিষ্কার–পরিচ্ছন্নতার বর্জ্য সড়কের পাশে ফেলেন, যা পচে দুর্গন্ধ সৃষ্টি করছে এবং মশা–মাছির উপদ্রব বাড়াচ্ছে।


পথচারী রহিম মিয়া বলেন, ‘এই এলাকায় হাসপাতাল আছে। কিন্তু রাস্তার পাশে এমন নোংরা পরিবেশ তৈরি হওয়ায় চলাচলই কষ্টকর হয়ে গেছে।’


এলাকার শিক্ষার্থী মাহমুদ মিয়া বলেন, ‘হাসপাতালের সামনে ময়লার স্তূপ থাকায় রোগীও আসতে চায় না। অভিযোগ করেও সমাধান পাইনি।’


মুন্সিবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আজীজ আহমদ বলেন, ‘দুর্গন্ধে এলাকায় থাকা দুর্ভোগের হয়ে গেছে। কয়েকবার অভিযোগ করেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’


মুন্সিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হিমেল চৌধুরী বলেন, ‘নির্দিষ্ট ময়লা ফেলার জায়গা নেই। তাই এখানে ফেলা হচ্ছে। আমাদের কিছু করার নেই।’


মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদার বলেন, বিষয়টি তিনি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তুলেছেন। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়েছেন।


কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল আলম ভূইয়া বলেন, বাজার কমিটি ও স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি জানানো হয়েছে। আবারও আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের জায়গায় আবর্জনা ফেলা হচ্ছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad