মৌলভীবাজার-২ আসনে আবেদ রাজার পক্ষে ১৭ দফা দাবিতে স্মারকলিপি
সংসদীয় আসন মৌলভীবাজার-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দলীয় মনোনয়ন ও ১৭ দফা ম্যানিফেস্টোতে অন্তর্ভুক্তির দাবিতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে স্মারকলিপি প্রদান করেছে 'আবেদ রাজা সাপোর্টার্স ফোরাম'।
১৬ নভেম্বর, রবিবার দুপুরে সংগঠনের নেতাকর্মীরা বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ের সামনে ‘সিট-ইন’ কর্মসূচি পালন করে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে আগামী রোববারের মধ্যে মৌলভীবাজার-২ আসনে এডভোকেট আবেদ রাজাকে দলীয় মনোনয়ন প্রদান এবং সংগঠন ঘোষিত ১৭ দফা দাবিকে দলের ম্যানিফেস্টোতে যুক্ত করার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক এনাম আহমদ, এবং পরিচালনা করেন সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। এসময় ফোরামের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আগামী ১৯ নভেম্বর (বুধবার) বিকেল ৩টায় বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 'অঙ্গীকার বন্ধন' কর্মসূচি এবং ১৭ দফার দাবিতে জনসমর্থন তৈরির লক্ষ্যে সপ্তাহব্যাপী স্বাক্ষর অভিযানের ঘোষণা দেয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়, দেশে ও প্রবাসে বৈষম্য ও অনাচার বিরোধী গণতান্ত্রিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে একটি সামাজিক ও উন্নয়নমূলক আন্দোলন গড়ে তোলার সময় এসেছে এবং এ আন্দোলনে ‘আবেদ রাজা সাপোর্টার্স ফোরাম’ অগ্রণী ভূমিকা পালন করবে।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: