বড়লেখায় রেলওয়ে নির্মাণ প্রকল্পের মালামাল চুরি,নাট–বল্টুসহ গ্রেফতার ২
মৌলভীবাজারের বড়লেখায় রেলওয়ে নির্মাণ প্রকল্পের মূল্যবান নাট-বল্টু ও ওয়াশার চুরির অভিযোগে দুইজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রবিবার (১৬ নভেম্বর) সকালে দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের দক্ষিণভাগ টিলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে কোম্পানির পক্ষ থেকে থানায় এজাহার দাখিল করা হয়।
এজাহারে বলা হয়, “বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভিসেস কোম্পানি লি.” কুলাউড়া–শাহবাজপুর রেলপথ নির্মাণ কাজ পরিচালনা করছে। রোববার সকালে ওই প্রকল্পের সাইট অফিসে দায়িত্বপ্রাপ্ত ফিট কর্মচারী মো. ফজর আলী টিটু (৪০) ও তার সহযোগী মো. আমির উদ্দিন (২৭) তিন বস্তা রেলের নাট-বল্টু ও ওয়াশার চুরি করে নিয়ে যান।
সকাল ৯টা ৩০ মিনিটে কোম্পানির সিকিউরিটি গার্ড মো. ফলিক উদ্দিন ঘটনাটি কর্তৃপক্ষকে ফোনে জানান। খবর পেয়ে কোম্পানির কর্মকর্তা ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে টিটু ও আমিরকে হাতেনাতে আটক করেন। তাদের কাছ থেকে তিন বস্তা মালামাল জব্দ করা হয়।
আটক ফজর আলীর বাড়ি সুনামগঞ্জের ছাতক থানার নড়াইল গ্রামে এবং আমির উদ্দিনের বাড়ি হবিগঞ্জের আজমেরীগঞ্জ থানার বংশী শিবপাশা গ্রামে। তারা দক্ষিণভাগ টিলাবাজার এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান,“স্থানীয়রা দুইজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
কোম্পানির কর্মকর্তারা জানান, প্রকল্প এলাকায় এমন চুরি নির্মাণকাজে বাধা সৃষ্টি করে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।
ডি আর ডি
মন্তব্য করুন: