ক্ষতিগ্রস্ত খামারির সহায়তার দাবি
জুড়ীতে বিষক্রিয়ায় ৩৩৫ হাঁসের মৃত্যু
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিষমিশ্রিত ধান খেয়ে এক খামারির ৩৩৫ হাঁসের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঘটনাটি ঘটে জায়ফরনগর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। ঘটনায় হাঁস পালনকারী চেরাগ আলী (৬৫) প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন।
চেরাগ আলী জানান, প্রতিদিনের মতো সকালে হাঁসগুলোকে গ্রামের পাশের জলাবদ্ধ স্থানে ছেড়ে তিনি বোরো ধানের বীজতলার কাজে যান। বিকেলে ফিরে এসে পানিতে শত শত হাঁসের মৃতদেহ ভাসতে দেখেন তিনি। তাঁর ভাষায়, “এই হাঁসগুলোই ছিল আমার সম্বল। এত যত্নে বড় করছি… বিষ খাইয়া সবশেষ হইয়া গেল।”
ক্ষতিগ্রস্ত খামারির দাবি, জলাশয়ের ধারে ছড়ানো ধানে বিষ মেশানো হয়েছিল। বাড়িতে আনার পর আরও কয়েকটি হাঁস অসুস্থ হয়ে পড়ে। তেঁতুলের রস খাইয়ে কিছু হাঁস বাঁচানোর চেষ্টা করলেও বেশিরভাগই মারা যায়। তাঁর হিসাব অনুযায়ী ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে লক্ষাধিক টাকা।
এলাকাটি স্থানীয়ভাবে ‘গোবিন্দপুরের জাওর’ নামে পরিচিত, যা শুষ্ক মৌসুমে মাছ ধরার জন্য ইজারা দেওয়া হয়। এ বছর মফিজ আলীসহ কয়েকজন এই জলাশয় ইজারা নিয়েছেন। তবে তাঁরা বিষপ্রয়োগের অভিযোগ অস্বীকার করেছেন।
প্রতিবেশীরা বলেন, এখানে সাধারণত পরিযায়ী পাখি আসে না। তাঁদের ধারণা—পাখি নয়, উদ্দেশ্যমূলকভাবেই হাঁস নিধনের জন্য বিষ ছড়ানো হয়েছে। তাঁরা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও ক্ষতিপূরণের দাবি জানান।
জুড়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরশেদুল আলম ভূঁইয়া জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ রহমান
মন্তব্য করুন: