কুলাউড়া পৌরসভার উদ্যোগে চতুর্থ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা আয়োজিত চতুর্থ মেধাবৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) নবীন চন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
পৌরসভা সূত্রে জানা যায়, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এ মেধা যাচাই পরীক্ষায় পৌর এলাকার ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪২১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে তৃতীয় শ্রেণিতে ১১৮ জন, পঞ্চম শ্রেণিতে ১৭৭ জন এবং অষ্টম শ্রেণিতে অংশ নেয় ১২৬ জন।
কুলাউড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায় বলেন, “শিক্ষার্থীদের প্রতিভা বিকশিত করা ও পড়ালেখার প্রতি আগ্রহ বাড়াতেই আমাদের এ উদ্যোগ। চার বছর ধরে ধারাবাহিকভাবে এ পরীক্ষার আয়োজন করা হচ্ছে।”
কুলাউড়া পৌর প্রশাসক মোঃ মহিউদ্দিন পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে বলেন, “পৌর এলাকার শিক্ষার্থীদের গুণগত শিক্ষা নিশ্চিত করা ও প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তুলতেই আমরা এ মেধাবৃত্তি পরীক্ষা নিয়ে এসেছি। ভবিষ্যতেও এটি নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে।”
পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ মহিউদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, নবীন চন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, কুলাউড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, সহকারী প্রকৌশলী কামরুল হাসান, প্রশাসনিক কর্মকর্তা আব্দুস ছাত্তার চৌধুরী, সাংবাদিক আলাউদ্দিন কবির, নাজমুল বারী সোহেল ও মহিউদ্দিন রিপন প্রমুখ।
এ রহমান
মন্তব্য করুন: