শ্রীমঙ্গলে দুই অভিযানে ২৬ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ

শ্রীমঙ্গলে দুই অভিযানে ২৬ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ

নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল

০৩/১১/২০২৬ ১৩:৩৯:৩৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান চালিয়ে প্রায় ২৬ হাজার ঘনফুট বালু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। তবে অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া না যাওয়ায় কাউকে আটক বা শাস্তি দেওয়া সম্ভব হয়নি।

সোমবার (২ নভেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উপজেলার মির্জাপুর ইউনিয়নের মুড়াছড়া ও বৌলাছড়া ভাঙা পুলসংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রায় ১০ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ করা হয়। পরে সেগুলো স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় রাখা হয়।

এর আগে গত ৩১ অক্টোবর একই ইউনিয়নের রায়পরান পশ্চিমপাড়া মসজিদসংলগ্ন এলাকায় আরেকটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলা ওই অভিযানে আরও প্রায় ১৬ হাজার ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়। সেগুলোও স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় দেওয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মিনহাজুল ইসলাম জানান, দুটি অভিযানেই অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ কারণে তাৎক্ষণিকভাবে কাউকে অর্থদণ্ড বা কারাদণ্ড দেওয়া যায়নি।

তিনি আরও জানান, জব্দ করা বালু আইন ও বিধি অনুযায়ী পরবর্তী সময়ে নিষ্পত্তি করা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনস্বার্থ বিবেচনায় অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad