শনিবার জৈন্তাপুরে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ!
সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নসহ জাতীয় বিদ্যুৎ সঞ্চালন লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় মেরামতকাজের জন্য শনিবার (১০ অক্টোবর) সিলেটের জৈন্তাপুর উপজেলার একাধিক অঞ্চলে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।
শুক্রবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) জৈন্তাপুর বিক্রয় ও বিতরণ বিভাগ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার এই সিদ্ধান্ত নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (জৈন্তাপুর)-এর আবাসিক প্রকৌশলী শাহেদুর রহমান জানান, জৈন্তাপুর অঞ্চলে চলমান সড়ক উন্নয়নমূলক কাজের সুবিধার্থে এবং সংযোগ লাইনের সুরক্ষায় ৩৩ কেভি ফিডারের বটেশ্বর থেকে হরিপুর (বালিপাড়া) অংশ পর্যন্ত এই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে। এছাড়া একই সময়ে জৈন্তা ডিগ্রি কলেজ সংলগ্ন শাপলা ফিলিং স্টেশন থেকে দরবস্ত বাজার পর্যন্ত বিস্তৃত এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে মেরামত কাজ দ্রুত সম্পন্ন করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার সর্বাত্মক চেষ্টা চালানো হবে। জরুরি মেরামতের কারণে সাময়িক এই অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ বিভ্রাটের জন্য গ্রাহকদের প্রতি আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) কর্তৃপক্ষ।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: