সিলেটে প্রশাসনের কাছে যে দাবি জানালেন ব্রিটিশ এমপি আপসানা বেগম
সিলেট থেকে যুক্তরাজ্যে সরাসরি ফ্লাইট চালু, প্রবাসীদের ভূমি দখল রোধ এবং বিমানবন্দরে হয়রানি বন্ধসহ একাধিক গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছেন সিলেটী বংশোদ্ভূত ব্রিটিশ সংসদ সদস্য আপসানা বেগম। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় সিলেটের খাদিমনগরে অবস্থিত ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত এক বিশেষ গোলটেবিল বৈঠকে তিনি এই দাবিগুলো তুলে ধরেন।
যুক্তরাজ্য পার্লামেন্টের ‘অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) অন বাংলাদেশ’-এর চেয়ার এবং পপলার অ্যান্ড লাইমহাউসের এমপি আপসানা বেগমের নেতৃত্বে যুক্তরাজ্যের তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধি দল বর্তমানে সিলেট সফরে রয়েছে। প্রতিনিধি দলের অপর দুই সদস্য হলেন লর্ড কুরবান হুসাইন ও এমপি শওকত আদম।
ব্র্যাক আয়োজিত ‘Roots and Routes: Bangladesh’s present & future and contribution of UK migrants’ শীর্ষক ওই মতবিনিময় সভায় আপসানা বেগম উল্লেখ করেন, যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী সিলেটিরা প্রতিনিয়ত তাঁদের কাছে ভূমি দখল ও বিমানবন্দরকেন্দ্রিক নানা হয়রানির অভিযোগ জানান। এসব সমস্যা দ্রুত নিরসনে তিনি সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) ও পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন। একই সাথে তিনি নারী ক্ষমতায়ন ও সরাসরি বিমান যোগাযোগ প্রসারের দাবি জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। প্রবাসীরা দেশে এসে যাতে কোনো ধরনের প্রশাসনিক বা আইনি হয়রানির শিকার না হন, সে বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। কোনো প্রবাসীর জমি যেন অন্যায়ভাবে দখল না হয়, তা প্রশাসন সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেখবে।”
সিসিক প্রশাসক আরও জানান, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ ও আধুনিকায়নের কাজ চলছে। এ কাজ সম্পন্ন হলে লন্ডন-সিলেট রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালুর পথ সুগম হবে।
অনুষ্ঠানে সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন, বিশ্ববিদ্যালয় উপাচার্য, সংবাদমাধ্যম প্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ব্র্যাকের সিনিয়র ডিরেক্টর কেএএম মোর্শেদের সঞ্চালনায় সভায় দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও প্রবাসী কল্যাণে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের আশাবাদ ব্যক্ত করা হয়।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: