শাবিপ্রবিতে সরকারের সাফল্য ও ব্যর্থতা নিয়ে ছাত্রদল-ছাত্রশক্তির পাল্টাপাল্টি ব্যানার

শাবিপ্রবিতে সরকারের সাফল্য ও ব্যর্থতা নিয়ে ছাত্রদল-ছাত্রশক্তির পাল্টাপাল্টি ব্যানার

শাবিপ্রবি প্রতিনিধি

০৫/০৯/২০২৬ ২০:২৮:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়লয়ে (শাবিপ্রবি) সরকারের প্রথম ১৮০ দিনের সাফল্য ও ব্যর্থতা তুলে ধরে পাল্টাপাল্টি ব্যানার টাঙিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও জাতীয় ছাত্রশক্তি।

সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও উদ্যোগ তুলে ধরে ‘বাংলাদেশ সরকারের প্রথম ১৮০ দিনের ঐতিহাসিক অগ্রযাত্রা’ শীর্ষক ব্যানার টাঙিয়েছে ছাত্রদল। অন্যদিকে, সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করে ‘বিএনপি সরকারের ১৮০ দিনের যত ব্যর্থতা’ শীর্ষক ব্যানার টাঙিয়েছে জাতীয় ছাত্রশক্তি শাবিপ্রবি শাখা।

ছাত্রদলের ব্যানারে সরকারের প্রথম ১৮০ দিনের ২১টি সাফল্য ও উদ্যোগের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে মূল্যস্ফীতি ৯ দশমিক ১৬ শতাংশে নামিয়ে আনা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলারে উন্নীত করা এবং বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) ৪৪ শতাংশ বৃদ্ধির দাবি করা হয়। এছাড়া রেকর্ড ২৮ লাখ টন খাদ্য মজুত, শিক্ষায় বরাদ্দ ৫৬ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি ও ২ কোটি ২২ লাখ বৃক্ষরোপণের তথ্যও এতে উঠে এসেছে।

ব্যানারে আরও দাবি করা হয়, ৩১ দফা বাস্তবায়নের কাজ শুরু, অপচয় রোধ ও জনবান্ধব বাজেট প্রণয়ন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু এবং জুলাই যোদ্ধাদের সুরক্ষায় দায়মুক্তি আইন পাস করা হয়েছে। পাশাপাশি বিচার বিভাগ ও আইন সংস্কার, নবম পে-স্কেল বাস্তবায়ন, স্বাস্থ্যসেবা, বিনিয়োগ, শ্রম ও কর্মসংস্থানসহ বিভিন্ন খাতের অগ্রগতির চিত্র এতে তুলে ধরা হয়।

উদ্যোগটির বিষয়ে শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জহির বলেন, ‘দলীয় অফিসিয়াল তথ্যের আলোকেই আমরা সরকারের কার্যক্রম তুলে ধরেছি। কোনো কিছু অতিরঞ্জিত করা হয়নি; ৪৮ পৃষ্ঠার একটি প্রকাশনার সারসংক্ষেপ এখানে উপস্থাপন করা হয়েছে।’

অন্যদিকে, জাতীয় ছাত্রশক্তির টাঙানো ব্যানারে সরকারের অর্থনৈতিক অব্যবস্থাপনা, জ্বালানি ও বিদ্যুৎ সংকট, ব্যাংক দখল এবং বাজার সিন্ডিকেটের অভিযোগ আনা হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়, বিরোধী দলের ওপর দমন-পীড়ন, মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ, গণভোটের জনরায় উপেক্ষা ও প্রাতিষ্ঠানিক দলীয়করণ চলছে।

ছাত্রশক্তির ব্যানারে অভিযোগ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, ডাকসু ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। এছাড়া সাংবিধানিক প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, বোর্ড ও স্থানীয় সরকার কাঠামোর বিভিন্ন পদে দলীয় নেতাদের নিয়োগ দেওয়ার তথ্যও ব্যানারে উল্লেখ করা হয়।

এ বিষয়ে জাতীয় ছাত্রশক্তি শাবিপ্রবি শাখার আহ্বায়ক রশিদ আবরার বলেন, ‘ক্যাম্পাসে প্রকৃত সত্য গোপন করে সরকারের সাফল্য প্রচার করা হচ্ছিল। আমরা সাধারণ শিক্ষার্থী ও দেশবাসীর সামনে আসল চিত্র তুলে ধরার চেষ্টা করেছি।’

তাহির আহমদ/ মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad