জাতীয় চার নেতা স্মরণে সিলেটে আ.লীগের বিশেষ আলোচনা সভা
জেলহত্যা দিবস উপলক্ষে সিলেটে আলোচনা সভার আয়োজন করেছে কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগ। গত মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে সিলেট নগরের কুমারপাড়ায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় বলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তির তথ্যমতে, উক্ত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাজনিন হোসেন চৌধুরী সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী।
আয়োজিত এই সভায় বক্তব্য প্রদান করেন জেলা আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য বোরহান উদ্দিন আহমদ, মহানগর আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য তপন মিত্র, এমাদ উদ্দিন মানিক, অ্যাডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরী, সদস্য আব্দুল বারী, ডা. নাজরা চৌধুরী, শহিদুর রহমান শহিদ, সিলেট জেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি সেলিম উদ্দিন, সাবেক সিটি কাউন্সিলর আব্দুর রকিব বাবলু, মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য আব্দুস সোবহান, ওসমানী নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজলু চৌধুরী এবং কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহমদসহ দলের স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর একই বছরের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা। সেই ঐতিহাসিক ঘটনার স্মরণে মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, অর্থমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এ এইচ এম কামারুজ্জামানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এ সভার আয়োজন করা হয়।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: