মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
মৌলভীবাজারের বড়লেখায় গৃহবধূ মরিয়ম আক্তার মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ, জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বড়লেখা শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মুন্নির মৃত্যুর ঘটনাকে ঘিরে কোনো ধরনের টালবাহানা মেনে নেওয়া হবে না। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করতে হবে। ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলে দ্রুত তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বড়লেখা হাজীগঞ্জ বাজার বণিক সমিতির আহ্বায়ক ও সমাজসেবক আব্দুল গনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজসেবক আব্দুল কাদির পলাশ ও সাবেক ছাত্রনেতা মুস্তাফিজুর রহমান রাজন।
বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের সদস্য ফখরুল ইসলাম, বড়লেখা পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল হাফিজ ললন, সমাজসেবক খালেদ আহমদ, রবিউল ইসলাম সুহেল, শাহিন আহমদ, সুরমান আহমদ, শিপার আহমদ, সাংবাদিক হাসান শামীম, সাংবাদিক হিফজুর রহমান, ছাত্রনেতা তানিম আহমদ ও আরিফুল ইসলামসহ অনেকে।
মুন্নির পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন তাঁর বাবা মকবুল আলী, মা রেনু বেগম ও ভাই মাছুম আহমদ।
মানববন্ধনে বক্তারা মুন্নির মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: