মাধবপুরে আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি নিয়ে ষড়যন্ত্র এবং বিদ্যালয়ের সার্বিক অনিয়ম ও দুর্নীতি বন্ধের দাবিতে মহাসড়কে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ কর্মসূচি পালিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীসহ শত শত নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আন্দিউড়া ইউনিয়ন শাখা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন: মাধবপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী ফজলে ইমাম সুমন, যুবদল নেতা ও সাবেক ইউপি সদস্য সাদেক মিয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য মোঃ সাইফুল ইসলাম মেম্বার,শেখ মোহাম্মদ শামীম রেজভী, শেখ উবায়েদ উল্লাহ সহ অনেকেই।
প্রতিবাদ সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন,"একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং ব্যক্তিস্বার্থ হাসিল করতে একটি কুচক্রী মহল এডহক কমিটি গঠন নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটিতে সভাপতি পদে কোনো বহিরাগত বা অযোগ্য ব্যক্তিকে মনোনীত করা হলে সাধারণ মানুষ তা মেনে নেবে না।"
বক্তারা অনতিবিলম্বে বিদ্যালয়ের পরিচালনা কমিটি নিয়ে সব ধরনের ষড়যন্ত্র বন্ধ করা এবং দীর্ঘদিনের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
রাজীব/ মীর্জা ইকবাল
মন্তব্য করুন: