হবিগঞ্জে একদিনে পৃথক ঘটনায় ৮ জনের প্রাণহানি
হবিগঞ্জের বিভিন্ন উপজেলায় পৃথক পৃথক ঘটনায় একদিনে নারী ও যুবকসহ আটজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে সড়ক দুর্ঘটনায় পাঁচজন, পানিতে ডুবে একজন, সাপের কামড়ে একজন এবং চার মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল থেকে রাত ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ও মৃত্যুর ঘটনা ঘটে।
আজমিরীগঞ্জে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে ৩ যুবকের মৃত্যু
সন্ধ্যা ৬টার দিকে আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নে নির্মাণাধীন আজমিরীগঞ্জ-শাল্লা আঞ্চলিক মহাসড়কের জলসুখা ব্রিজ এলাকায় গতির প্রতিযোগিতা করতে গিয়ে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন যুবকের মৃত্যু হয়।
গতির প্রতিযোগিতায় সড়কেই নিভে গেল ৩ প্রাণ
নিহতরা হলেন, তানভীর মিয়া (১৮), বানিয়াচং উপজেলার আমিরখানি গ্রামের ফুল মিয়ার ছেলে। অন্তর দাস, আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর গ্রামের চন্দন দাসের ছেলে। আবিদুর লস্কর (২০), একই উপজেলার নুরুল লস্করের ছেলে। এ দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর ও মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল এলাকায় যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের রামগঞ্জপাড়া গ্রামের মিয়াধন মিয়া (৬০) নিহত হন।
ভোররাতে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার সৈয়দপুর এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাকচালক আবির মিয়ার মৃত্যু হয়।
অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বাজারছড়া গ্রামে চার মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ জুহেরা বেগমের (২৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের আব্দুল আউয়ালের স্ত্রী। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গোয়ালঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
খালে পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু
নবীগঞ্জ পৌর এলাকায় প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে খালে পড়ে জুয়েল মিয়া (২১) নামের এক শারীরিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। তিনি কানাইপুর গ্রামের এখলাছ মিয়ার ছেলে।
ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু
সদর উপজেলার পইল গ্রামে গরুর জন্য মাঠে ঘাস কাটতে গিয়ে বিষধর সাপের কামড়ে সোহেল মিয়া নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সংশ্লিষ্ট থানার পুলিশ জানিয়েছে, সবগুলো স্থান থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিটি ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: