মাধবপুরে ডিবির অভিযান: ৩৬টি চোরাই মোবাইলসহ আটক ১

মাধবপুরে ডিবির অভিযান: ৩৬টি চোরাই মোবাইলসহ আটক ১

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

১৩/০৭/২০২৬ ১৩:৪৩:৪৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি বিশেষ অভিযানে মাধবপুর থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ সময় চোরাই মোবাইল কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে মো. শাহিন আলম রবিন (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

গতকাল রবিবার (১২ জুলাই) রাত প্রায় ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার সায়হাম ফিউচার পার্কের সামনের পাকা সড়কে এই অভিযান পরিচালনা করা হয়। আটক শাহিন আলম রবিন মাধবপুর পৌর এলাকার পশ্চিম মাধবপুর গ্রামের শামছুল আলম খানের পুত্র।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখার এসআই মোহাম্মদ সাকিব হোসেনের নেতৃত্বে এসআই মো. তারিকুল ইসলাম, এএসআই গোলাম সারোয়ার, এএসআই মো. নাঈম মিয়া ও সঙ্গীয় ফোর্স এই বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে আটক রবিনের হেফাজত থেকে আইফোন, ভিভো, রিয়েলমি, রেডমি ও টেকনোসহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩৬টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইলগুলোর আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৫০ হাজার ৯০০ টাকা।

হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান জানান, উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর প্রকৃত মালিকদের শনাক্ত করার চেষ্টা চলছে। একই সঙ্গে এই চোরাই মোবাইল চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে মাধবপুর থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে ডিবি পুলিশ জানিয়েছে।

আর আর

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad