গোল্ডেন বুটের দৌড়ে মেসি এমবাপ্পে হালান্ডের ত্রিমুখী লড়াই
২০২৬ ফিফা বিশ্বকাপ যতই শেষলগ্নে রূপ নিচ্ছে, ততই জমে উঠছে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ জয়ের লড়াই। বিশ্বমঞ্চের কোয়ার্টার ফাইনালের ঠিক আগে একই বিন্দুতে এসে দাঁড়িয়েছেন বর্তমান ফুটবল বিশ্বের তিন মহাতারকা—লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ড। তিনজনেরই বর্তমান গোলসংখ্যা সমান ৭টি করে।
এবারের বিশ্বকাপেই গড়া হয়েছে নতুন এক ইতিহাস। বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে প্রথমবারের মতো একই আসরে তিনজন ফুটবলার সাত গোল করার কীর্তি গড়লেন। মেসি, এমবাপ্পে ও হালান্ডের এই অর্জন টুর্নামেন্টটিকে দিয়েছে নতুন মাত্রা।
ব্রাজিলের বিপক্ষে ম্যাচের ৭৯তম মিনিটে আন্দ্রেয়াস শেলডেরাপের ক্রসে হেডে নরওয়াকে এগিয়ে দেন হালান্ড। এরপর যোগ করা সময়ের শেষদিকে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের নিচু শটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। তার জোড়া গোলেই ২-১ ব্যবধানে জয় পেয়ে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ আট নিশ্চিত করে নরওয়ে।
এই দুই গোলের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে নিজের গোলসংখ্যাও ৬২-তে উন্নীত করেছেন হালান্ড। পাশাপাশি অন্যতম শিরোপাপ্রত্যাশী ব্রাজিলকে বিদায় করে এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনগুলোর একটি উপহার দিয়েছে নরওয়ে।
গোল্ডেন বুটের লড়াইও এখন তুঙ্গে। সাত গোল করে যৌথভাবে শীর্ষে আছেন মেসি, এমবাপ্পে ও হালান্ড। তাদের পেছনে পাঁচ গোল নিয়ে রয়েছেন ইংল্যান্ডের হ্যারি কেইন। আর চারটি করে গোল করেছেন ফ্রান্সের ওসমান দেম্বেলে, স্পেনের মিকেল ওইয়ারসাবাল, ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র এবং সেনেগালের ইসমাইলা সার। নকআউট পর্ব যত এগোবে, ততই জমে উঠবে গোল্ডেন বুটের লড়াই।
সজল আহমেদ
মন্তব্য করুন: