শিক্ষকদের বৈষম্য দূর করতে সংসদে কথা বলব: ছাতকে এমপি মিলন
শিক্ষকদের বৈষম্য দূর করতে এবং পেনশন সংক্রান্ত সমস্যা সমাধানে আগামী সংসদ অধিবেশনে বিষয়টি উত্থাপন করবেন বলে জানিয়েছেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। তিনি বলেন, ‘শিক্ষকেরা সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি। আমাদের সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। সরকারও শিক্ষকদের বৈষম্য দূর করতে আন্তরিকভাবে কাজ করছে।’
শনিবার (১৬ মে) দুপুরে সুনামগঞ্জের ছাতক শহরের চন্দ্রনাথ বালিকা উচ্চবিদ্যালয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে এমপি মিলন মাধ্যমিক শিক্ষক সমিতির তহবিলে ২ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে উপজেলা পরিষদ এলাকায় শিক্ষক সমিতির দাপ্তরিক কাজের জন্য একটি কক্ষ বরাদ্দের আশ্বাস দেন এবং সমিতির পক্ষ থেকে একটি মেধা বৃত্তি চালুর বিষয়ে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) সিলেট অঞ্চলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ দিদার চৌধুরী, ছাতক উপজেলা একাডেমিক সুপারভাইজার সুয়েব আহমদ ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম।
সমিতির সাধারণ সম্পাদক ও ইসলামপুর উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দুদু মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহ শফিকুল আলম মতি, জাউয়াবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ শিব্বির আহমেদ, ছাতক সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, শিক্ষক সমিতির উপদেষ্টা ফজলুল করিম বকুল, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. নাসির উদ্দিন, সাবেক সভাপতি জসিম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক কাজী সৈয়দ মনসুর আহমদ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান এবং সহকারী শিক্ষকেরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শিক্ষক সমিতির নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সুজন তালুকদার/ ডি আর ডি
মন্তব্য করুন: