২০ বছর ধরে সংযোগ সড়কহীন মাধবপুরের রূপনগর সেতু
Led Bottom Ad

১২ লাখ টাকার উন্নয়ন এখন ‘উপহাস’

২০ বছর ধরে সংযোগ সড়কহীন মাধবপুরের রূপনগর সেতু

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

১৬/০৫/২০২৬ ১০:৫৭:২২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার রূপনগর মোড়ে খালের ওপর নির্মিত একটি সেতু দীর্ঘ ২০ বছর ধরে সংযোগ সড়ক ছাড়াই দাঁড়িয়ে আছে। এক পাশে শাহজিবাজার মাজার গেইট থেকে পশ্চিমে চলাচলের রাস্তা থাকলেও অন্য পাশে রয়েছে বিস্তীর্ণ ফসলি জমি, যার কারণে সেতুটি কোনো কাজেই আসছে না। সঠিক পরিকল্পনা ও জমি জটিলতার কারণে ১২ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই সরকারি উন্নয়ন কাজ এখন স্থানীয় বাসিন্দাদের কাছে চরম উপহাসের বস্তুতে পরিণত হয়েছে।

উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, শাহজিবাজার-বাঘাসুরা-ছাতিয়াইন বাজার সড়কের রূপনগর গ্রামের খালের ওপর পুরোনো সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে দুই দশক আগে নতুন এই সেতুটি নির্মাণ করা হয়। অভিযোগ রয়েছে, পুরোনো সেতু ভেঙে একই স্থানে নতুন সেতু নির্মাণের শিডিউল থাকলেও স্থানীয় কিছু লোকের বাধার কারণে তা সম্ভব হয়নি। পরবর্তীতে বরাদ্দের টাকা ফেরত যাওয়ার আশঙ্কায় তড়িঘড়ি করে মূল সড়কের পাশে নতুন সেতুটি তৈরি করা হয়। কালিকাপুর গ্রামের বাসিন্দা সাইফুর রহমান রাসেল ক্ষোভ প্রকাশ করে বলেন, সঠিক পরিকল্পনার অভাবে সরকারি টাকার অপচয় হয়েছে এবং বর্তমানে এলাকাবাসী বাধ্য হয়ে চরম ঝুঁকি নিয়ে পুরোনো সরু সেতু দিয়েই চলাচল করছেন, যা যেকোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে।

এ বিষয়ে মাধবপুর উপজেলা প্রকৌশলী রেজাউন নবী জানান, সেতুটি তাঁর যোগদানের প্রায় ২০ বছর আগের হওয়ায় সে সময়ের পরিস্থিতি তৎকালীন প্রকৌশলী ভালো বলতে পারবেন। তবে তিনি শুনেছেন যে পাশের জমির মালিক জায়গা দিতে রাজি না হওয়ায় এই জটিলতা তৈরি হয়েছে। অন্যদিকে, জমির মালিক রূপনগর গ্রামের কবির মিয়া জানিয়েছেন, তিনি কখনও বিনামূল্যে জমি দেওয়ার প্রতিশ্রুতি দেননি; তবে বর্তমান বাজারমূল্য অনুযায়ী দাম পরিশোধ করা হলে তিনি এখনো জায়গা দিতে প্রস্তুত। উপজেলা প্রকৌশল বিভাগ জানিয়েছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad