মিরপুর টেস্টে হারের পর আইসিসির বড় শাস্তির মুখে পাকিস্তান
মিরপুর টেস্টে বাংলাদেশের কাছে হারের রেশ কাটতে না কাটতেই বড় ধাক্কা খেল পাকিস্তান ক্রিকেট দল। স্লো ওভার রেটের কারণে অধিনায়ক শান মাসুদের দলকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। একই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্ট তালিকা থেকে কেটে নেওয়া হয়েছে মূল্যবান ৮টি পয়েন্ট।
শুক্রবার (১৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আইসিসি এই শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে নির্ধারিত সময়ের মধ্যে ৮ ওভার কম করায় ম্যাচ রেফারি জেফ ক্রো এই দণ্ডাদেশ দেন। আইসিসির আচরণবিধি অনুযায়ী, প্রতি ওভার কম করার জন্য ক্রিকেটারদের ৫ শতাংশ করে জরিমানা করা হয়। সেই হিসাবে ৮ ওভারের জন্য পাকিস্তানের পুরো দলের ওপর ৪০ শতাংশ জরিমানার খড়্গ নেমে আসে।
জরিমানার চেয়েও পাকিস্তানের জন্য বড় ক্ষতি হয়ে দাঁড়িয়েছে পয়েন্ট কর্তন। টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী, প্রতিটি ওভার কম করার জন্য ১ পয়েন্ট করে কাটা হয়। ফলে পাকিস্তানের ঝুলিতে থাকা পয়েন্ট থেকে ৮ পয়েন্ট বাদ যাওয়ায় ফাইনালের লড়াইয়ে বড়সড় ধাক্কা খেল সফরকারীরা। অধিনায়ক শান মাসুদ ম্যাচ রেফারির এই সিদ্ধান্ত ও শাস্তি মেনে নিয়েছেন, যার ফলে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
উল্লেখ্য, মিরপুরে প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। আগামীকাল সিলেটে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল। এই দুঃসংবাদ নিয়ে পাকিস্তান দল যখন ঘুরে দাঁড়াতে মরিয়া, তখন সিরিজ জয়ের হাতছানি নিয়ে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল।
এ রহমান
মন্তব্য করুন: