স্কুলে নেই কোনো শিক্ষক, তালাবদ্ধ ৩ বিদ্যালয়: ১২ শিক্ষককে শোকজ
Led Bottom Ad

স্কুলে নেই কোনো শিক্ষক, তালাবদ্ধ ৩ বিদ্যালয়: ১২ শিক্ষককে শোকজ

নিজস্ব প্রতিনিধি. মধ্যনগর

১৫/০৫/২০২৬ ১৭:৪৬:৩৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের মধ্যনগরে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে কোনো শিক্ষকের দেখা পাননি স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। এমনকি নির্ধারিত সময়ে বিদ্যালয়গুলো তালাবদ্ধ পাওয়ায় চরম অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। এ ঘটনায় তিনটি বিদ্যালয়ের মোট ১২ জন শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে এই পরিদর্শনের পর শিক্ষকদের অনুপস্থিতির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো হাওরাঞ্চল জুড়ে শিক্ষা ব্যবস্থাপনা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

জানা গেছে, সংসদ সদস্য কামরুল সকাল ৯টা থেকে ১০টার মধ্যে উপজেলার কায়েতকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আবিদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দুগনই সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান। সে সময় শিক্ষার্থীরা বিদ্যালয়ে উপস্থিত হলেও কায়েতকান্দা বিদ্যালয়ের ৪ জন, আবিদনগর বিদ্যালয়ের ৪ জন এবং দুগনই বিদ্যালয়ের ৪ জন শিক্ষকের কাউকেই স্কুলে পাওয়া যায়নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সব সহকারী শিক্ষক অনুপস্থিত থাকায় ক্ষুব্ধ এমপি তাৎক্ষণিকভাবে বিষয়টি মুঠোফোনে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলেই ওই ১২ জন শিক্ষককে শোকজ করা হয়।

শোকজ পাওয়া শিক্ষকদের মধ্যে রয়েছেন— কায়েতকান্দা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমা সান্যাল ও তিন সহকারী শিক্ষক; আবিদনগর বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দ্বীপা রানী তালুকদার ও তিন সহকারী শিক্ষক এবং দুগনই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনি রানী রায়সহ তিন সহকারী শিক্ষক।

এ বিষয়ে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, "বিদ্যালয়গুলো তালাবদ্ধ থাকা এবং শিক্ষকদের অনুপস্থিতি অত্যন্ত দুঃখজনক। আমাদের এই হাওরাঞ্চল শিক্ষায় পিছিয়ে আছে; একে এগিয়ে নিতে শিক্ষকদেরই সবচেয়ে বড় দায়িত্ব পালন করার কথা, কিন্তু এমন অপেশাদার আচরণ কোনোভাবেই কাম্য নয়।’

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad