অনিয়ম ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ
মধ্যনগর সদর ইউপি চেয়ারম্যানকে অপসারণ
সুনামগঞ্জের মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সাত্তারকে নানা অনিয়ম, দুর্নীতি ও নৈতিক স্খলনের অভিযোগে দায়িত্ব থেকে অপসারণ করে পদটি শূন্য ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার (১২ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, আব্দুস সাত্তারের বিরুদ্ধে পরিষদের সদস্যরা অনাস্থা প্রস্তাব আনলে তদন্তে তিনটি প্রধান অভিযোগ প্রমাণিত হয়। এর মধ্যে রয়েছে— সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা ও ভিজিডি কার্ড বিতরণে সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্যদের মতামত না নিয়ে একক সিদ্ধান্ত গ্রহণ এবং নলকূপ দেওয়ার নামে অনৈতিক অর্থ লেনদেন। এছাড়া সাধারণ নাগরিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও পরিষদের সরকারি আসবাবপত্র ভাঙচুর করার সত্যতাও পেয়েছে তদন্ত কমিটি। তবে সবচেয়ে গুরুতর বিষয় হিসেবে প্রজ্ঞাপনে তাঁর বিরুদ্ধে নারীঘটিত ও শ্লীলতাহানির মতো অসামাজিক কর্মকাণ্ডের কথা উল্লেখ করা হয়েছে, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টিও তদন্তে প্রমাণিত হয়েছে।
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী জনস্বার্থে সরকার এই অনাস্থা প্রস্তাব অনুমোদন করে পদটি শূন্য ঘোষণা করেছে। মধ্যনগর উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, নানাবিধ অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ এই ব্যবস্থা গ্রহণ করেছে এবং পরবর্তীতে বিধি মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এ রহমান
মন্তব্য করুন: