শিক্ষকবিহীন পাঠদান!
মধ্যনগরে প্রাথমিক শিক্ষার বেহাল চিত্র দেখলেন এমপি কামরুল
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের আকস্মিক পরিদর্শনে বেরিয়ে এসেছে প্রাথমিক শিক্ষার এক হতাশাজনক চিত্র। বৃহস্পতিবার (১৪ মে) সকালে মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যাওয়ার পথে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো শিক্ষকের উপস্থিতি পাননি তিনি। শিক্ষকদের এমন চরম দায়িত্বজ্ঞানহীনতায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সংসদ সদস্য।
জানা গেছে, নির্বাচনী এলাকার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় সংসদ সদস্য পথিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিয়মিত কার্যক্রম পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেন। সকাল ৯টা ৩০ মিনিটে তিনি প্রথমে মধ্যনগর উপজেলার আবিদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশ করেন, যেখানে কোনো শিক্ষক উপস্থিত ছিলেন না। এরপর ৯টা ৪২ মিনিটে দুগনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছালে সেখানেও একই চিত্র দেখা যায়। সবচেয়ে ভয়াবহ অবস্থা দেখা যায় কায়েতকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, যেখানে সকাল ১০টা পর্যন্ত অপেক্ষা করার পরেও কোনো শিক্ষকের দেখা মেলেনি।
পরপর তিনটি বিদ্যালয়ে শিক্ষকদের অনুপস্থিতি দেখে ক্ষুব্ধ সংসদ সদস্য বলেন, "সরকার যখন প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে, তখন তৃণমূল পর্যায়ে শিক্ষকদের এই ধরনের অবহেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ১০টা বেজে গেলেও যদি শিক্ষকরা বিদ্যালয়ে না আসেন, তবে কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ কী হবে?"
ঘটনার পরপরই তিনি সংশ্লিষ্ট উপজেলা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন এবং অনুপস্থিত শিক্ষকদের বিরুদ্ধে দ্রুত তদন্ত সাপেক্ষে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। স্থানীয় সচেতন মহল সংসদ সদস্যের এই ঝটিকা সফরকে সাধুবাদ জানিয়ে আশা প্রকাশ করেছেন যে, এর ফলে দুর্গম এলাকার শিক্ষা ব্যবস্থায় জবাবদিহিতা নিশ্চিত হবে।
প্রীতম দাস
মন্তব্য করুন: