আজমিরীগঞ্জে ইয়াবাসহ পাঁচজন আটক
হবিগঞ্জের আজমিরীগঞ্জে ইয়াবাসহ তিন কথিত সাংবাদিকসহ মোট পাঁচজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৩ মে) দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আজমিরীগঞ্জ পৌর এলাকার গরুবাজার সংলগ্ন ‘কালনী নিউজ’ নামক একটি কার্যালয়ে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—শরীফনগর এলাকার লালন পারভেজ (৩৫), জুমন মোড়ল (৪০), আলমগীর মিয়া (৩৮), আজিমনগর এলাকার দিলোয়ার হোসেন (৩৫) এবং মাহফুজ মিয়া (৩৩)। পুলিশ জানিয়েছে, আটককৃতদের মধ্যে লালন পারভেজ, জুমন মোড়ল ও দিলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে আসছিলেন। অভিযানের সময় তাঁদের হেফাজত থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের সরঞ্জাম এবং নগদ ৬ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই বিশেষ অভিযান চালানো হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে মাদকসহ হাতেনাতে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বুধবার সকালে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: