সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত হলেন শহীদ আফ্রিদি
পাকিস্তান ক্রিকেটের কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদি দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ার এবং ক্রিকেটে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশটির অন্যতম সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা ‘হিলাল-ই-ইমতিয়াজ’ লাভ করেছেন। এর মাধ্যমে পাকিস্তানের পঞ্চম ক্রিকেটার হিসেবে এই মর্যাদাপূর্ণ পদক অর্জনের গৌরব অর্জন করলেন তিনি। এর আগে দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান, ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিসের মতো তারকারাও এই সম্মাননা পেয়েছিলেন।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আইওয়ান-ই-সদরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি আফ্রিদির হাতে এই পদক তুলে দেন। একই অনুষ্ঠানে পাকিস্তানের প্রথম টেস্ট অধিনায়ক আব্দুল হাফিজ কারদারকেও মরণোত্তর ‘হিলাল-ই-ইমতিয়াজ’ প্রদান করা হয়। সম্মাননা পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক প্রতিক্রিয়ায় আফ্রিদি এই অর্জনকে পুরো জাতির জন্য গর্বের বলে অভিহিত করেছেন।
উল্লেখ্য, ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের শিরোপা জয়ের অন্যতম নায়ক শহীদ আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ৫২৪টি ম্যাচ খেলেছেন। ওয়ানডে ক্রিকেটে ৮ হাজার ৬৪ রান ও ৩৯৫ উইকেট এবং টি-টোয়েন্টিতে ১ হাজার ৪১৬ রান ও ৯৮ উইকেটের মালিক এই সাবেক অধিনায়ক বিশ্বের বিভিন্ন জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগেও দাপটের সাথে খেলেছেন। ৪৬ বছর বয়সি এই তারকা ক্রিকেটার তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারের জন্য বিশ্বজুড়ে ‘বুম বুম’ আফ্রিদি নামেও পরিচিত।
এ রহমান
মন্তব্য করুন: