এমপি মিঠুর সহায়তায় জুড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে ফিল্ম সংকট দূর
মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠুর ব্যক্তিগত ও সার্বিক সহায়তায় জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দীর্ঘদিনের এক্স-রে ফিল্ম সংকটের অবসান হয়েছে। এর ফলে হাসপাতালটিতে ব্যাহত হওয়া এক্স-রে সেবা পুনরায় চালু হওয়ায় সাধারণ রোগী ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ এক্স-রে মেশিনে ফিল্ম না থাকার বিষয়টি এমপি মিঠুর নজরে আনেন। সেবার গুরুত্ব বিবেচনায় নিয়ে সংসদ সদস্য তাৎক্ষণিক ফিল্ম সরবরাহের ব্যবস্থা গ্রহণ করেন। সোমবার (১১ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে এই এক্স-রে ফিল্ম হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ এমপির এই দ্রুত পদক্ষেপের প্রশংসা করে বলেন, "ফিল্ম সংকটের কারণে আমরা রোগীদের জরুরি সেবা দিতে পারছিলাম না। সংসদ সদস্যের এই মানবিক উদ্যোগের ফলে এখন থেকে সাধারণ মানুষ আবারও নিরবচ্ছিন্নভাবে এক্স-রে সেবা গ্রহণ করতে পারবেন।" সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু এ বিষয়ে জানান, সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা তাঁর নৈতিক দায়িত্ব। একটি মৌলিক চিকিৎসাসেবা কেবল উপকরণের অভাবে বন্ধ থাকবে তা কোনোভাবেই কাম্য নয়। তিনি সবসময় জনকল্যাণে সাধারণ মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ রহমান
মন্তব্য করুন: