দ্বিতীয় দিনের মতো বন্ধ শ্রীমঙ্গল-সিলেট রুট, ভোগান্তিতে যাত্রীরা
Led Bottom Ad

দুই বাসের দ্বন্দ্ব

দ্বিতীয় দিনের মতো বন্ধ শ্রীমঙ্গল-সিলেট রুট, ভোগান্তিতে যাত্রীরা

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

১১/০৫/২০২৬ ১৯:৩১:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

‘যাত্রা বিরতি’কে কেন্দ্র করে পরিবহন মালিকদের দ্বন্দ্বের জেরে দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে শ্রীমঙ্গল-সিলেট রুটে বাস চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন মৌলভীবাজার, শ্রীমঙ্গল ও আশপাশের এলাকার সাধারণ যাত্রীরা।


রোববার সকাল থেকে মৌলভীবাজারের ‘এসএমএস পরিবহন’ ও ‘হবিগঞ্জ বিরতিহীন পরিবহন’-এর মধ্যে বিরোধের জেরে এ রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে যায়। সোমবারও এ অচলাবস্থা অব্যাহত রয়েছে।


শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার ও শেরপুর হয়ে সিলেট পর্যন্ত চলাচলকারী এসএমএস বাস, লোকাল বাস এবং হবিগঞ্জ বিরতিহীন বাস বন্ধ থাকায় স্থবির হয়ে পড়েছে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও রোগীরা।


সোমবার সকালে শ্রীমঙ্গল বাসস্ট্যান্ড ও মৌলভীবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, দূরপাল্লার যাত্রীদের অনেকেই বিকল্প যানবাহনের জন্য অপেক্ষা করছেন। কেউ কেউ অতিরিক্ত ভাড়া দিয়ে সিএনজিচালিত অটোরিকশা কিংবা মাইক্রোবাসে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।


মৌলভীবাজারের এক যাত্রী বলেন, “সকালে অফিসে যাওয়ার জন্য বাসস্ট্যান্ডে এসে দেখি কোনো বাস নেই। পরিবহন মালিকদের সমস্যার কারণে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।”


এক শিক্ষার্থী বলেন, “পরীক্ষা দিতে সিলেট যাওয়ার কথা ছিল। বাস বন্ধ থাকায় চরম দুশ্চিন্তায় আছি।”


পরিবহন সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘যাত্রা বিরতি’ বা নির্ধারিত স্টপেজ ব্যবস্থাপনা নিয়ে দুই পরিবহনের মধ্যে কয়েক দিন ধরেই উত্তেজনা চলছিল। এর জেরেই ধর্মঘটের পরিস্থিতি তৈরি হয়েছে।


মৌলভীবাজার সড়ক পরিবহনসংশ্লিষ্ট নেতারা জানান, সংকট নিরসনে সোমবার বিকেলে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।


পরিবহনসংশ্লিষ্ট এক নেতা বলেন, “সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে দ্রুত সমাধানের চেষ্টা চলছে। বৈঠকের পর বাস চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে।”


এদিকে সাধারণ যাত্রী ও সচেতন নাগরিকেরা দ্রুত সমস্যা সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad