চলাচলের রাস্তা নিয়ে বিরোধ: মসজিদে তালা ঝুলালেন সভাপতি
Led Bottom Ad

চলাচলের রাস্তা নিয়ে বিরোধ: মসজিদে তালা ঝুলালেন সভাপতি

প্রথম ডেস্ক

১০/০৫/২০২৬ ১২:২৬:০১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

রাজশাহীর নওগাঁর ধামইরহাট উপজেলায় চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে স্থানীয় গাংরা চৌধুরীপাড়া জামে মসজিদে তালা ঝুলিয়ে দেওয়ার এক নজিরবিহীন অভিযোগ উঠেছে। মসজিদ কমিটির সভাপতি মাজেদুর রহমান চৌধুরীর বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়ার অভিযোগ তুলেছেন গ্রামবাসী। একটি ধর্মীয় উপাসনালয়ে তালা দেওয়ার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের সামনে দিয়ে একটি গুরুত্বপূর্ণ রাস্তা নিয়ে এলাকাবাসীর সঙ্গে সভাপতি মাজেদুর রহমানের দীর্ঘদিনের বিরোধ ছিল। গ্রামবাসী জানায়, মাজেদুরের পিতা মৃত আজিজ চৌধুরী রাস্তাটি সাধারণ মানুষের জন্য দিয়েছিলেন। কিন্তু সম্প্রতি মাজেদুর রাস্তাটি টিন দিয়ে দখল করার চেষ্টা করলে বিরোধ চরম আকার ধারণ করে। এরই জেরে গত শনিবার রাতে মসজিদের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ফলে রোববার ফজরের নামাজ আদায় করতে এসে মুসল্লিরা মসজিদে ঢুকতে না পেরে ফিরে যান। এমনকি যোহরের নামাজও মসজিদে অনুষ্ঠিত হতে পারেনি; মুয়াজ্জিন জামাল হোসেন মসজিদের বাইরে থেকে আজান দিয়ে বাড়িতে গিয়ে নামাজ আদায় করতে বাধ্য হন।

ভুক্তভোগী গ্রামবাসী জানান, ব্যক্তিগত বিরোধের জেরে আল্লাহর ঘরে তালা দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অভিযুক্ত সভাপতি মাজেদুর রহমান চৌধুরীর বাড়িতে গিয়ে যোগাযোগ করা হলেও তাঁর পরিবারের কেউ কথা বলতে রাজি হননি এবং ফোনেও তাঁকে পাওয়া যায়নি। ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় দ্রুততম সময়ের মধ্যে মসজিদটি পুনরায় মুসল্লিদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ধর্মীয় প্রতিষ্ঠানের পবিত্রতা রক্ষায় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad