চাঁদাবাজির প্রতিবাদে ট্রাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ
সড়কে টোল আদায়ের নামে অবৈধ চাঁদাবাজির অভিযোগে দিনাজপুর-ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ট্রাক শ্রমিকেরা। রোববার (১০ মে) সকাল থেকে দিনাজপুর জেলা ট্রাক মালিক-শ্রমিক যৌথ পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হচ্ছে। এর ফলে দিনাজপুরের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
সরেজমিনে দেখা যায়, শ্রমিকেরা দিনাজপুর জেলা শহরের সরকারি কলেজ মোড়, টার্মিনাল রোড এবং কাঞ্চন ব্রিজসহ শহরের গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে ট্রাক ও অন্যান্য যানবাহন আড়াআড়িভাবে রেখে রাস্তা অবরোধ করে রেখেছেন। অবরোধের কারণে পণ্যবাহী ট্রাকের পাশাপাশি দূরপাল্লার বাস চলাচলও বন্ধ রয়েছে। দিনাজপুর জেলা ট্রাক-ট্যাংকলরি, কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন (কলেজ মোড় শাখা) এর সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন অভিযোগ করে বলেন, গত এক মাস ধরে শহরের বিভিন্ন রাস্তায় পৌরসভার নাম ব্যবহার করে অবৈধভাবে চাঁদা তোলা হচ্ছে। এই চাঁদাবাজি বন্ধ না হওয়া পর্যন্ত তাঁরা রাজপথ ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন।
দিনাজপুর জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি সৈয়দ সপু আহমেদ জানান, নিয়ম অনুযায়ী নির্ধারিত টার্মিনাল থেকে টোল আদায়ের কথা থাকলেও পৌর কর্তৃপক্ষ সড়ক-মহাসড়কে টোল আদায়ের নামে মূলত চাঁদাবাজি করছে। এই বিষয়ে বারবার পৌর কর্তৃপক্ষকে মৌখিকভাবে জানালেও কোনো প্রতিকার না পেয়ে তাঁরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন। দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী জানান, যান চলাচল স্বাভাবিক করতে এবং সমস্যা সমাধানে শ্রমিক নেতা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার চেষ্টা চলছে।
এ রহমান
মন্তব্য করুন: