ভালভার্দে ও চুয়ামেনিকে ৭ কোটি ২২ লাখ টাকা জরিমানা
চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে হাইভোল্টেজ ‘এল ক্লাসিকো’র ঠিক আগ মুহূর্তে ড্রেসিংরুমের শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে রিয়াল মাদ্রিদ। অনুশীলন মাঠে শুরু হওয়া উত্তেজনা ড্রেসিংরুমে হাতাহাতিতে গড়ানোর ঘটনায় দলের দুই নিয়মিত মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে ও অরেলিয়াঁ চুয়ামেনিকে রেকর্ড ৫ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ কোটি ২২ লাখ টাকা) করে জরিমানা করেছে ক্লাব কর্তৃপক্ষ। দুই খেলোয়াড় মিলিয়ে মোট জরিমানার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৪ কোটি ৪৪ লাখ টাকা, যা ক্লাবের ইতিহাসে নজিরবিহীন।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী, অনুশীলনে ভালভার্দের একটি কড়া ট্যাকলকে কেন্দ্র করে দুই খেলোয়াড়ের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। সেশন শেষে ড্রেসিংরুমে চুয়ামেনি বিষয়টি নিয়ে চড়াও হলে তা শারীরিক সংঘর্ষে রূপ নেয়। এই ঘটনায় ভালভার্দে পড়ে গিয়ে মাথায় আঘাত পান এবং তাঁকে হাসপাতালে নিতে হয়। চিকিৎসকরা জানিয়েছেন, এই চোটের কারণে ভালভার্দেকে ১০ থেকে ১৪ দিন মাঠের বাইরে থাকতে হতে পারে। তবে ফরাসি তারকা চুয়ামেনির বিরুদ্ধে কোনো ম্যাচ নিষেধাজ্ঞা দেয়নি ক্লাব; তিনি কোচ আলভারো আরবেলোয়ার অধীনে বার্সেলোনার বিপক্ষে স্কোয়াডে থাকছেন।
রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানিয়েছে, অভ্যন্তরীণ তদন্তের মুখোমুখি হয়ে দুই খেলোয়াড়ই নিজেদের ভুলের জন্য গভীর অনুশোচনা প্রকাশ করেছেন এবং একে অপরের পাশাপাশি ক্লাব ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, শৃঙ্খলার বিষয়ে কঠোর বার্তা দিতেই এই বিশাল অংকের আর্থিক জরিমানা করা হয়েছে, তবে মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে মাঠের শক্তি ধরে রাখতে কোনো ক্রীড়াগত শাস্তি (ম্যাচ নিষেধাজ্ঞা) দেওয়া হয়নি। রোববার ক্যাম্প ন্যুতে বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে এই ঘটনা রিয়ালের ড্রেসিংরুমের অভ্যন্তরীণ পরিবেশ নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: