ছাতকের কুর্শী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি জবরদখলের অভিযোগ
সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২০ শতক মূল্যবান জমি জবরদখলের অভিযোগে এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। বিদ্যালয়ের জমি ও সংলগ্ন খেলার মাঠ দখলমুক্ত করতে গত ১২ মার্চ ২০২৬ তারিখে স্থানীয় এলাকাবাসী ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ১৯৯০ সালে গ্রামের ১২ জন দাতা ব্যক্তি রেজিস্ট্রি দলিলের মাধ্যমে বিদ্যালয়ের নামে ১০০ শতক জমি দান করেন, যা বর্তমানে সরকারের শিক্ষা বিভাগের অধীনে রয়েছে। গত ৩১ জানুয়ারি সরকারি সার্ভেয়ারের মাধ্যমে জমির সীমানা চূড়ান্তভাবে নির্ধারণ করার পর থেকেই স্থানীয় একটি দখলদার চক্র জমির অংশবিশেষ জবরদখলের চেষ্টা শুরু করে। অভিযুক্তদের মধ্যে দক্ষিণ কুর্শী গ্রামের সুরুজ আলম জয়নাল, আব্দুর রাজ্জাক এবং আব্দুল হামিদের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া বিদ্যালয়ের সংলগ্ন সরকারি খাস জমি, যা দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছে, সেটিও দখলের শিকার হয়েছে বলে অভিযোগে জানানো হয়। সেখানে আব্দুল হামিদ নামের এক ব্যক্তি অবৈধভাবে অটো রাইস মিল, লাকড়ি ও মসলা মিল স্থাপন করেছেন।
স্থানীয় শিক্ষক ও অভিভাবকদের দাবি, এসব মিলের ধুলাবালি ও মসলার গুঁড়ায় বিদ্যালয়ের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে, ফলে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে এবং পাঠদান ব্যাহত হচ্ছে। এলাকাবাসী অবিলম্বে বিদ্যালয়ের রেকর্ডভুক্ত জমি ও মাঠ দখলমুক্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ছাতক উপজেলা প্রশাসন জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ রহমান
মন্তব্য করুন: