বিপিএলে দুর্নীতি: ক্রিকেটার ও মালিকসহ চারজন সাময়িকভাবে নিষিদ্ধ
বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) কেন্দ্র করে ওঠা দুর্নীতির অভিযোগে এবার হার্ডলাইনে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি); বেটিং, তদন্তে অসহযোগিতা এবং তথ্য গোপনের দায়ে একজন ঘরোয়া ক্রিকেটার, দুইজন টিম ম্যানেজার ও একজন ফ্র্যাঞ্চাইজি সহ-মালিককে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিপিএলের ১২তম আসর নিয়ে বোর্ডের ইন্টেগ্রিটি ইউনিটের তদন্তের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে আইসিসির দুর্নীতিবিরোধী বিধির একাধিক ধারা ভঙ্গের প্রমাণ মিলেছে। অভিযুক্ত চারজন হলেন— ঘরোয়া ক্রিকেটার অমিত মজুমদার, ফ্র্যাঞ্চাইজি সহ-মালিক মো. তৌহিদুল হক তৌহিদ এবং দুই টিম ম্যানেজার মো. লাবলুর রহমান ও রেজওয়ান কবির সিদ্দিকী।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা ক্রিকেটার অমিত মজুমদার ও টিম ম্যানেজার রেজওয়ান কবিরের বিরুদ্ধে সরাসরি ক্রিকেট ম্যাচে বেটিং ও সংশ্লিষ্ট বাণিজ্যে যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে, টিম ম্যানেজার লাবলুর রহমান ও মালিক তৌহিদুল হকের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতা, তদন্ত বাধাগ্রস্ত করা এবং ডিজিটাল যোগাযোগ ও তথ্য মুছে ফেলার মাধ্যমে প্রমাণ নষ্টের অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের জন্য ১৪ দিন সময় দেওয়া হয়েছে এবং এই সময়ের মধ্যে অভিযোগের বিষয়ে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তাঁদের ওপর দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা আসতে পারে। এর বাইরে সামিনুর রহমান নামে এক ব্যক্তিকে বিপিএলের আগের আসরগুলোতে বেটিং নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ ও খেলোয়াড়দের দুর্নীতির প্রস্তাব দেওয়ার দায়ে স্থায়ীভাবে বহিষ্কারের আদেশ জারি করা হয়েছে; বিসিবি জানিয়েছে সামিনুর নিজের দোষ স্বীকার করে নিয়ে বহিষ্কার আদেশ মেনে নিয়েছেন। বিপিএলকে কলঙ্কমুক্ত করতে জিরো টলারেন্স নীতি অনুসরণের অংশ হিসেবে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।
এ রহমান
মন্তব্য করুন: